রাজধানীর গুলশানে শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে (কন্টিনেন্টাল হাসপাতাল) আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ৯টা ৪২ মিনিটে ওই নারীকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘আনঅ্যাটেনডেড ডেথ’ (মৃত অবস্থায় পাওয়া গেছে) উল্লেখ করা হয়েছে। মরদেহের মুখে কালচে-বেগুনি দাগ, ফোলাভাব এবং চোখের চারপাশে রক্তজমাটের চিহ্ন লক্ষ্য করেছেন চিকিৎসকরা।
ডিএমপির গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেসুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ খবর পায় যে এক ভারতীয় নারী হাসপাতালে মারা গেছেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং বিস্তারিত তদন্তের পরই এটি স্বাভাবিক মৃত্যু না কি হত্যাকাণ্ড, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।
এসএফ