ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

২২ দিনে হাম সন্দেহে ১১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬১০: স্বাস্থ্য অধিদপ্তর

২২ দিনে হাম সন্দেহে ১১৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬১০: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত হয়ে ৭ হাজার ৬১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং নতুন করে ৯৭৪ জন আক্রান্ত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে ৭ হাজার ৬১০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ল্যাব পরীক্ষায় এদের মধ্যে ৯২৯ জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে। মৃত ১১৩ জন শিশুর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।

বিভাগীয় হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এখানে মোট ৩ হাজার ২৫৯ জন শিশু হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৬৫৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৩৮ জনই ঢাকা বিভাগের।

মৃত্যুর পরিসংখ্যানে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল রাজশাহী বিভাগে। সেখানে হাম সন্দেহে ৫৫ জন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এরপরই ঢাকা বিভাগে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হামের এই ভয়াবহ সংক্রমণ রোধে আজ থেকেই দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিভাবকদের দ্রুততম সময়ে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।