বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর হওয়া এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে দ্রুত তা স্বাভাবিক হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থান ও সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সার্বভৌম সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকার কাজ করে যাচ্ছে। ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি ভারত সফরকালে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ওই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে ড. খলিলুর রহমান সংসদকে আশ্বস্ত করেন যে, দ্রুতই ভিসা সংক্রান্ত বিষয়ে সুখবর পাওয়া যাবে। জনগণের যাতায়াত ও বাণিজ্যিক বন্ধন অটুট রাখতে বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে দুই দেশই আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
এসএফ