ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ১০ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন

জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মিশন প্রধান ইভার্স ইজাবস এই প্রতিবেদন তুলে ধরেন। প্রতিবেদনে এবারের নির্বাচনকে ২০০৮ সালের পর সবচেয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে অভিহিত করা হয়েছে যার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কারচুপি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইভার্স ইজাবস স্পষ্ট করে বলেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং তাঁদের চোখে পড়েনি। তিনি আরও জানান, যদি কোনো রাজনৈতিক দলের এ নিয়ে অভিযোগ থাকে, তবে তাঁরা আইনি প্রক্রিয়ার আশ্রয় নিতে পারেন। ইইউ মিশনের মতে, এই নির্বাচনের ফলে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরে আসছে এবং সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, প্রার্থীদের স্বচ্ছ প্রচারণা এবং ফলাফল প্রকাশের স্বচ্ছতা নিয়ে কোনো বড় অভিযোগ ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইভার্স ইজাবস আরও জানান যে, নির্বাচনীকালীন যেকোনো সংকট বা অভিযোগ দ্রুত ও বিশ্বাসযোগ্যভাবে সমাধান করা হয়েছে। তবে ভবিষ্যতে নির্বাচন সংশ্লিষ্ট আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আরও কাজ করার প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নসহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের ২২৩ জন পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মিশনটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিল।

এসএফ