বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর লালবাগ থানায় জনৈক আশরাফুলের দায়ের করা একটি মামলায় তাকে এই গ্রেপ্তার দেখানো হয়। মামলার নথিসূত্রে জানা গেছে, এই মামলার (মামলা নং-৫) এক নম্বর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুই নম্বর আসামি ওবায়দুল কাদের; শিরীন শারমিন চৌধুরীকে এই মামলায় ৩ নম্বর আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে লালবাগ থানার মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে তার বিরুদ্ধে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাসহ উত্তরা ও বনানী থানায় একাধিক মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছিল পুলিশ। আজ দুপুরের দিকে সাবেক এই স্পিকারকে ঢাকার আদালতে হাজির করার কথা রয়েছে।
এসএফ