ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২ | ২০ শাওয়াল ১৪৪৭

রিমান্ড নামঞ্জুর, কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রিমান্ড নামঞ্জুর, কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই নির্দেশ দেন। এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় এবং জামিন ও রিমান্ড শুনানি শেষ না হওয়া পর্যন্ত আদালতের হাজতখানায় রাখা হয়।

শুনানি চলাকালে এজলাসে আসামিপক্ষের আইনজীবীদের হট্টগোলের খবর পাওয়া গেছে। ড. শিরীন শারমিনের আইনজীবীরা দাবি করেন, রিমান্ড আবেদনে তার সরাসরি গুলি চালানো বা অপরাধে সংশ্লিষ্টতার কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে টানা এই দায়িত্ব পালন করে আসছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেছিলেন।

এসএফ