কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5) সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত থেকে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। বুধবার (০৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়াম কর্তৃক ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত টানা চারদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে অথবা ধীরগতি লক্ষ্য করা যেতে পারে।
বিএসসিপিএলসি জানিয়েছে, এই সময়ে এসএমডব্লিউ-৫ (SMW5) সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-4) দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক রাখা হবে। সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে কাজটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে যাতে গ্রাহকদের ভোগান্তি কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক গতি ফিরিয়ে আনা যায়। ইন্টারনেট গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এসএফ