ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের বিয়েকে সম্পূর্ণ বৈধ দাবি করে আদালতে জেরা সম্পন্ন করেছেন তামিমা সুলতানা তাম্মি। প্রথম স্বামীকে তালাক না দিয়েই বিয়ে করার অভিযোগ অস্বীকার করে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। বুধবার (০৮ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই জেরা অনুষ্ঠিত হয়।
শুনানি চলাকালে তামিমা বলেন, ‘নাসির হোসেনের সঙ্গে আমার বিয়ে সম্পূর্ণ বৈধ এবং আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন।’ তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী ইসরাত হোসেন বলেন, ‘আমরা আদালতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করেছি। এই মামলার মাধ্যমে স্পষ্ট হবে যে, আইন লঙ্ঘন করে কেউ পার পাবে না।’ তিনি আরও জানান, আগামী ৬ মে মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান মামলাটি দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, তাঁকে তালাক না দিয়েই তামিমা ক্রিকেটার নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআই এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আইন অনুযায়ী, এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে আসামিদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মামলাটি এখন রায় ঘোষণার চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে।
এসএফ