ফ্যাসিস্ট সরকারের আমলে নারায়ণগঞ্জকে অপরাধ, সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য বানানো শামীম ওসমানদের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘খেলে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এমপি আব্দুল্লাহ বলেন, যারা ‘খেলা হবে’ বলে দেশে আতঙ্কিত পরিবেশ তৈরি করেছিল, আজ জনগণ তাদের মাঠছাড়া করেছে। শামীম ওসমানদের দুর্নীতির কারণেই নারায়ণগঞ্জের স্টেডিয়াম বছরের বারো মাস পানির নিচে থাকে বলে তিনি অভিযোগ করেন।
বিসিবিসহ বিভিন্ন সংস্থায় নিয়োগ ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "প্রতিষ্ঠানগুলোতে শুধু দলীয়করণ নয়, বরং পরিবারকরণ চলছে। বাংলাদেশ ব্যাংকেও দলীয় ব্যবসায়ীকে নিয়োগ দেওয়া হয়েছে।" অতীতে বিএনপির মাগুরা নির্বাচন বা কেয়ারটেকার সরকার নিয়ে বিতর্কিত ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বর্তমান শাসনব্যবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।
জ্বালানি সংকট নিয়ে সরকারের বক্তব্যের কড়া সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, "পার্লামেন্টে শুনি তেলের সমস্যা নেই। কিন্তু বাস্তবে ৫-৬ লিটার তেলের জন্য আমার গাড়িকে রাত ৩টা-৪টা পর্যন্ত পাম্পে বসে থাকতে হয়। পার্লামেন্টে তেল থেকে কী লাভ, যদি পাম্পে তেল না পাওয়া যায়?" তিনি অবিলম্বে জ্বালানি খাতের অব্যবস্থাপনা দূর করার দাবি জানান।
এসএফ