জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার মামলায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।
রায় ঘোষণার পর এজলাস কক্ষেই চরম ঔদ্ধত্য দেখান দণ্ডপ্রাপ্ত আমির হোসেন। তিনি চিৎকার করে বলতে থাকেন, এই রায় আমি মানি না, আমি সরকারের গোলাম। জয় বাংলা। এ সময় তিনি আদালত চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন। অন্যদিকে, একই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশিদ এবং শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত এই শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, মোট ৩০ জন আসামির মধ্যে এএসআই আমির হোসেন ও সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ছয়জন কারাগারে থাকলেও বাকি ২৪ জন এখনো পলাতক। এদিন সকালে কড়া নিরাপত্তায় ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা রয়েছেন। শহীদ আবু সাঈদ হত্যার এই রায়কে জুলাই বিপ্লবের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এসএফ