ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২ | ২০ শাওয়াল ১৪৪৭

বিচার বিভাগের জন্য আজ কালো দিন: শিশির মনির

বিচার বিভাগের জন্য আজ কালো দিন: শিশির মনির

জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্তকে বিচার বিভাগের জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান এবং প্রতিবাদ হিসেবে বিচারক ও কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণের আহ্বান জানান।

শিশির মনির উল্লেখ করেন, গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ বিচার বিভাগের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনার ভিত্তিতে নভেম্বরে অধ্যাদেশ জারি এবং ১১ ডিসেম্বর সচিবালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনও হয়েছিল। কিন্তু আজ সংসদে সেই অধ্যাদেশ রহিত করায় বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে এবং এটি সুপ্রিম কোর্টের নির্দেশনার বিরুদ্ধে একটি পদক্ষেপ।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আপিল নিষ্পত্তির পর রায় কার্যকর হবে। তবে শিশির মনির এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, রায়ের ওপর স্থগিতাদেশ না থাকলে তা মানা বাধ্যতামূলক এবং এই অধ্যাদেশ বাতিল করা সংবিধান পরিপন্থী। তিনি এই সিদ্ধান্তকে বিচার বিভাগের জন্য ‘অশনি সংকেত’ আখ্যা দিয়ে জানান যে, এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে। সরকারের এই অবস্থান থেকে সরে আসারও আহ্বান জানান তিনি।

এসএফ