ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

এমপিদের সমস্যা মনোযোগ দিয়ে শুনুন: মন্ত্রীদের ডেপুটি স্পিকার

এমপিদের সমস্যা মনোযোগ দিয়ে শুনুন: মন্ত্রীদের ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের (এমপি) উত্থাপিত জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার এবং প্রয়োজনে তা লিখে রাখার জন্য মন্ত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, সংসদ সদস্যরা যখন নিজ এলাকার নানা সংকট ও জনগণের সমস্যার কথা সংসদে তুলে ধরেন, তখন সংশ্লিষ্ট অনেক মন্ত্রীকেই দেখা যায় তা মনোযোগ দিয়ে শুনছেন না বা নোট নিচ্ছেন না। এটি সংসদ সদস্যদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করে।

শুক্রবার (১০ এপ্রিল) সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার সময় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের প্রেক্ষাপটে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। ট্রেজারি বেঞ্চ হোক কিংবা বিরোধী দল–নির্বিশেষে সবার কথা শোনার মাধ্যমেই জনগণের সমস্যার সঠিক সমাধান সম্ভব। জনপ্রতিনিধিরা যখন দেখেন তাদের তোলা দাবিগুলো সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাচ্ছে, তখন তারা সংসদীয় কার্যক্রমে আরও উৎসাহিত হন। মন্ত্রীদের এই ছোট উদ্যোগগুলো মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে বড় ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

—এজেড