বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয় এমন কথাটিই বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে।
আজ শনিবার সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন জানিয়েছে, মূলত সিন্ডিকেট প্রথা ভাঙতেই কৃষকরা এই হাটে নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করার সুযোগ পাবেন।
হাটের উদ্বোধনকালে মন্ত্রী আরো বলেন, আমদানি নির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে বাজার নজরদারি অনেক সহজ হবে এবং পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
দেশে টিসিবির কার্যক্রমের পরিধি বাড়ানো হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার প্রতি বছর টিসিবির কাজের জন্য ৩২ থেকে ৩৩ শ কোটি টাকা ভর্তুকি দেয়। এই ভর্তুকির পরিমাণ ভবিষ্যতে কমানো হবে, তবে টিসিবির কাজের পরিধি আরও বাড়ানো হবে।
এ সময় বাণিজ্যমন্ত্রী আরো জানান, সারা দেশে কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত পণ্য সপ্তাহে অন্তত একদিন সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে প্রতিটি জেলার জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হবে।
এসএফ