প্রধানমন্ত্রী তারেক রহমান বুড়িগঙ্গা নদীর সঙ্গে রাজধানীর জিয়া সরণি খালকে যুক্ত করার লক্ষ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর জিয়া সরণি খাল, কোনাপাড়া খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, জিয়া সরণি নাম হওয়ায় গত সরকার জনকল্যাণমূলক এই খালটি নিয়ে কোনো কাজ করেনি। বর্তমানে সিটি করপোরেশনের অর্থায়নে খালের অবৈধ স্থাপনাসহ সংস্কার কাজ চলছে। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, সব খাল দখলমুক্ত করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মীর শাহে আলম উল্লেখ করেন, বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তাই সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা ও খাল খনন কর্মসূচি শুরু করেছে বর্তমান সরকার। গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল খনন এবং পুনঃখনন করা হবে, যার প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় কাজ চলছে। এর ফলে কৃষি সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বলে আশা করা হচ্ছে।
এসএফ