ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

দায় চাপানো নয়, দায় নেয়া শিখতে হবে: সড়ক পরিবহনমন্ত্রী

দায় চাপানো নয়, দায় নেয়া শিখতে হবে: সড়ক পরিবহনমন্ত্রী

আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা রেখে যেতে হলে বর্জ্য ব্যবস্থাপনার চেয়ে বর্জ্য সঠিক জায়গায় রাখা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর হাজারীবাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সচেতনতা আগে প্রয়োজন। যত্রতত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপনার নজির পৃথিবীতে নেই। রাজনৈতিক কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, রাজনৈতিক কর্মীদের সঙ্গে নিয়ে আমরা দেশকে ধারণ করতে চাই। অন্যের ওপর দায় চাপানোর চেয়ে নিজের দায় নিতে শিখতে হবে। প্রধানমন্ত্রী আপনাদের ভোটের মূল্যায়ন করেছেন, আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। তাই জনগণের জন্য একটি জনবান্ধব নগর গড়ে তোলার দায়বদ্ধতা আমার আছে।

একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বর্জ্য ও মশক নিধনে জনগণের সরাসরি অংশগ্রহণের ওপর জোর দেন। তিনি বলেন, সামনের বর্ষা মৌসুমকে কেন্দ্র করে আমাদের বিশেষ পরিকল্পনা আছে। কিন্তু সিটি করপোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। এখানে ৫০-৫০ অংশীদারিত্ব প্রয়োজন। জনগণ ৫০ শতাংশ সচেতন হলে আর সিটি করপোরেশন বাকি ৫০ শতাংশ কাজ করলে তবেই শতভাগ সাফল্য আসবে।

বাসাবাড়ির পরিচ্ছন্নতা নিয়ে প্রশাসক বলেন, ডেঙ্গু মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে আমরা ব্লিচিং পাউডারসহ সব সরঞ্জাম দিতে পারব। কিন্তু কারও ঘরের ছাদ বা টবের জমে থাকা পানি তো সিটি করপোরেশন পরিষ্কার করে দিয়ে আসতে পারবে না। এ বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী দেশকে সফলতার দিকে নিয়ে যেতে অক্লান্ত চেষ্টা করছেন উল্লেখ করে আবদুস সালাম আরও বলেন, প্রধানমন্ত্রী সড়ক পরিবহনমন্ত্রীকে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এবং তিনি সেগুলো বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এসএফ