ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

শুক্রবার হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শুক্রবার হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি বছরের হজ ফ্লাইট আগামী (১৭ এপ্রিল) শুক্রবার শুরু হবে। ওইদিন রাতে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ, হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

ধর্মমন্ত্রী বলেন, আগামী ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন করবেন। সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কীভাবে হাজিদের খেদমত করতে হবে, কীভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হাজিদের ওপর কোনো অন্যায়, অপরাধ, অবিচার সহ্য করা হবে না।

প্রধানমন্ত্রী হজযাত্রীদের ব্যাপারে অত্যন্ত সচেতন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, উনি দু-একদিনের মধ্যে হজ ক্যাম্পে যাবেন, যে ক্যাম্পে হাজিরা এসে উঠবেন। উনি নিজে থেকেই সেখানে যাওয়ার কথা বলেছেন। হাজিরা আল্লাহর মেহমান। ইনশাআল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করবেন। কোনো জটিলতা হবে না।

আগামী ১৮ এপ্রিল রাত থেকে এ বছর হজের ফ্লাইট শুরু হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫শ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এ বছর সরকারি উদ্যোগে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি উদ্যোগে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন। এসব হজযাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাবেন ৫০ শতাংশ। অন্যরা সোদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস বিমান সংস্থার ফ্লাইটে যাবেন।

সভায় হজ ব্যবস্থাপনার উন্নয়ন, হাজীদের সকল তথ্যাদি অনলাইনে সন্নিবেশিত করা, হজ এজেন্সির কাজের মূল্যায়ন, যেসব হজ এজেন্সি নিয়ে অভিযোগ রয়েছে সেগুলো চিহ্নিত করা, হাজীদের গাইডের জন্য মোয়াল্লেম সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের থেকে নিয়োগের (আগামী হজে থেকে) ব্যবস্থা করা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

—এজেড