ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

উপজেলা ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

উপজেলা ভূমি অফিসের দুর্নীতির লাগাম টেনে ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জাতীয় সংসদে জানিয়েছেন যে, উপজেলা ভূমি অফিসের নিয়ন্ত্রণহীন দুর্নীতির লাগাম টেনে ধরতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, দালালদের হস্তক্ষেপ বন্ধে ই-নামজারি এবং সেবাগ্রহীতাদের জন্য অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।

এই প্রক্রিয়ায় আবেদনের প্রতিটি ধাপ, যেমন নোটিশ জারি, শুনানি ও অনুমোদন সম্পর্কে আবেদনকারীকে এসএমএস-এর মাধ্যমে তাৎক্ষণিক জানানো হয়, যাতে মাঝপথে কেউ অবৈধ সুবিধা নিতে না পারে। এছাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের নগদ টাকা লেনদেনের সুযোগ বন্ধ করতে অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে নাগরিকরা এনআইডি ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে অর্থ জমা দিতে পারছেন।

মন্ত্রী আরো উল্লেখ করেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। দায়িত্বে অবহেলা বা অনুপস্থিতির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক শোকজ ও বিভাগীয় মামলার বিধান রাখা হয়েছে। ভূমি অফিসে ঘুষ বা হয়রানির শিকার হলে অভিযোগ জানানোর জন্য ১৬১২২ নম্বরটি ২৪ ঘণ্টা সচল রাখা হয়েছে, যা সরাসরি মন্ত্রণালয় থেকে তদারকি করা হয়। ম্যাপ বা নকশা জালিয়াতি বন্ধে বর্তমানে ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল সার্ভের পাইলটিং চলছে, যা পর্যায়ক্রমে সারা দেশে কার্যকর হবে।

এছাড়া land.gov.bd পোর্টাল, ভূমিসেবা অ্যাপ এবং ঢাকার তেজগাঁও নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে দালালের দৌরাত্ম্য ছাড়াই নাগরিকরা পর্চা সংগ্রহ ও খতিয়ান দেখার সুযোগ পাচ্ছেন। ভূমি অধিগ্রহণ ও লিজ সেটেলমেন্ট সিস্টেমের মতো সফটওয়্যার তৈরির কাজও বর্তমানে চলমান রয়েছে বলে মন্ত্রী জানান।

এসএফ