ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইনে নিহত এক প্রবাসীর মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বাহরাইনে কর্মরত অবস্থায় মৃত সিলেট জেলার সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সৎকার কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরও তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির আরো বলেন, বিদেশগামী সব কর্মীকে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে যথাযথভাবে নিবন্ধন সম্পন্ন করে বিদেশ যেতে হবে। এর ফলে কর্মীরা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সরকারি সহায়তা পাওয়া নিশ্চিত হয়।

এর আগে, আজ বুধবার সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাণিজ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে মরদেহটি গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। গিরিশ চন্দ্র সূত্রধর কিছুদিন আগে বাহরাইনে কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।

এসএফ