ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

জামালপুরে কারাবন্দি অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা জিয়াউল হক জিয়া মারা গেছেন। ৬৭ বছর বয়সি এই নেতা অসুস্থ হওয়ার পর সঠিক চিকিৎসা পাননি বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার একটি বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি জিয়াউল হক গ্রেফতার হন। ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত এই নেতা কারাগারে দুই দিন আগে অসুস্থ হয়ে পড়লেও গত ১৪ এপ্রিল দুপুরের পর তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান জানান, মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে জামালপুর কারাগার থেকে অসুস্থ জিয়াউল হককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে।

নিহতের ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, মরদেহটি এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি এবং তাঁরা লাশ গ্রহণের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে অবস্থান করছেন।

জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা জানান, মঙ্গলবার দুপুরে জিয়াউল হকের রক্তচাপ বেড়ে গেলে তাৎক্ষণিকভাবে তাঁকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা এবং সেখানেই রাতে তাঁর মৃত্যু হয়।