দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর মৃত্যু হামের কারণে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং বাকি দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই হিসাবটি ১৪ এপ্রিল সকাল আটটা থেকে ১৫ এপ্রিল সকাল আটটা পর্যন্ত সময়ের।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের। এই সময়ে দেশে হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের, যার মধ্যে সর্বোচ্চ ৬১ জনই ঢাকা বিভাগের। এছাড়া রাজশাহী বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ জন শিশু, যার মধ্যে ৩১৫ জনই ঢাকা বিভাগের। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে সিলেট (৩০ জন) ও ময়মনসিংহ (১ জন) বিভাগে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৪৬৮ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০৫ জন এবং খুলনা বিভাগে ৯৪ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩২টি শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে আসা ১৯ হাজার ১৬১ জনের মধ্যে ১২ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৯ হাজার ৭৭২ জন।
এসএফ