ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

ফ্যাসিবাদ একটি রোগের মতো: তথ্যমন্ত্রী

ফ্যাসিবাদ একটি রোগের মতো: তথ্যমন্ত্রী

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ একটি রোগের মতো। আজ যে গণতন্ত্রী কাল সে ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। তাই গণমাধ্যমকে সবসময় সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই রোগের ব্যাপারে অত্যন্ত সজাগ। একারণেই সরকার গঠনের আগেই তিনি এমপি-মন্ত্রীদের বলেছেন- আমরা কোনো গাড়ি নিব না, প্লট নিব না। সূর্যোদয় দেখেই যেমন দিন বোঝা যায়, শুল্কমুক্ত গাড়ি ও প্লট বরাদ্দের জায়গা থেকে বিরত রাখার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন ক্ষমতার ভাইরাস এই সরকারে প্রবেশ করতে পারবে না।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ফটো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার,ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক ও যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার প্রমুখ। সভায় ফটো সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে সাংবাদিকদের ওয়েজবোর্ড এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার। যখন এটি নিশ্চিত করতে পারব, তখনই আপনাদের সম্মানজনক স্যালারি (বেতন) এবং মর্যাদা আমরা নিশ্চিত করতে পারব। গণমাধ্যম যদি একটা শিল্প জগৎ হয়ে থাকে, তাহলে এই শিল্পকে অবশ্যই তার নিয়োগ পদ্ধতিটা হতে হবে আইন অনুযায়ী। যিনি ইনভেস্ট করবেন, তার ইনভেস্টমেন্টকে পাহারা দেওয়া বা লাভজনক করার দায়িত্ব যেমন তার, তেমনি সেখানে কর্মীদের অধিকার নিশ্চিত করাও জরুরি। আমরা ধীরে ধীরে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাব।

ফটো সাংবাদিকতার গুরুত্ব ও প্রযুক্তির চ্যালেঞ্জ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, একজন সাংবাদিকের কলম এবং ফটো সাংবাদিকের একটি ক্যামেরাই ছিল পেশাগত দায়িত্ব পালনের উপকরণ। কিন্তু আজকের প্রযুক্তির বিবর্তনে একটি ডিভাইস এখন টেলিভিশন, রেডিও, ক্যামেরা এবং কম্পিউটারের কাজ করছে। এই গতির সঙ্গে তাল মিলিয়ে ফটো সাংবাদিকদের দক্ষ হতে হবে। পেশাগত দক্ষতা অর্জনের জন্য আপনাদের একটি ইনস্টিটিউট করা জরুরি। এই ভবনটি অবিলম্বে আপনাদের নিয়ন্ত্রণে আনা দরকার। পাশাপাশি একে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তর করা উচিত। যাতে আপনাদের মালিকানা ও আধুনিক পেশাগত দক্ষতা- দুটোই নিশ্চিত হয়।

বিগত সরকারের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ২০০৯ এর রাজনৈতিক বাস্তবতায় যারা নির্বাচিত সরকার দাবি করতেন, ২০২৪ এর ৫ আগস্ট তারা দুপুরের খাবারটাও খেতে পারেননি। ফ্যাসিবাদী তৎপরতার কারণে যারা সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন বা যেসব ফটো সাংবাদিক শহীদ হয়েছেন, তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

—এজেড