বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশে ভোক্তা পর্যায়ে তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন এই মূল্য কার্যকর হচ্ছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, পেট্রলে ১৯ টাকা এবং অকটেনে ২০ টাকা বাড়ানো হয়েছে।
জ্বালানি তেলের নতুন বাজারদর:
ডিজেল ও কেরোসিন: ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা ও ১৩০ টাকা।
অকটেন: ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা।
পেট্রল: ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা।
জ্বালানি বিভাগ জানায়, আন্তর্জাতিক বাজারে গত ১-২৯ মার্চ সময়ে ডিজেলের গড় দাম ৯৮ শতাংশ এবং অকটেনের দাম ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া আদেশে সরবরাহ সংকট সত্ত্বেও জনস্বার্থে দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সরকার বিশাল অংকের ভর্তুকি দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কেবল মার্চ-জুন প্রান্তিকে ডিজেল ও অকটেনে মোট ১৬ হাজার ৪৫ কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে। এছাড়া এলএনজি আমদানিতে এপ্রিল-জুন প্রান্তিকে আরও ১৫ হাজার ৭৭ কোটি টাকা ভর্তুকির চাহিদা রয়েছে। এই বিশাল আর্থিক চাপ সামলাতেই শেষ পর্যন্ত দাম সমন্বয়ের পথে হাঁটল সরকার।
এসএফ