ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ০ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

 মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এক ব্যতিক্রমী ও হাস্যোজ্জ্বল পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তৃতায় বারবার প্রশংসা করায় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে উদ্দেশ্য করে মৃদু হেসে বলেন, ‘মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন’। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর উপস্থিত সবার করতালিতে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি প্রশংসায় অতিরঞ্জন করেননি বরং প্রধানমন্ত্রীর কাজের তুলনায় সামান্যই বলেছেন।

বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং সবাইকে পরিবর্তনের অংশীদার হতে আহ্বান জানান। তিনি প্রধানমন্ত্রীকে বর্তমান সময়ের শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক হিসেবে উল্লেখ করে বলেন, নিরলস কর্ম প্রচেষ্টার মাধ্যমে তিনি বিশ্বের সেরা ১০০ জন মানুষের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে অত্যন্ত গুরুত্ব দেন এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে আগ্রহী।

স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের চিকিৎসকদের কাজের পরিবেশ উন্নত করা সরকারের অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন। সবশেষে তিনি উপজেলা হাসপাতালের উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসএফ