ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

তিন দেশ থেকে এক দিনেই এলো ৩৪ প্রবাসীর মরদেহ

 তিন দেশ থেকে এক দিনেই এলো ৩৪ প্রবাসীর মরদেহ

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে এক দিনেই ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রবাসীদের স্বাভাবিক মৃত্যু হলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ এসেছে কুয়েত থেকে। শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একযোগে ৩০ জন প্রবাসীর মরদেহ আসে। এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে আসা অন্য ফ্লাইটে দুটি করে মোট চারটি মরদেহ দেশে পৌঁছায়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া এসব প্রবাসীর পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বীমা পাওয়ার যোগ্য হলে তা দ্রুত প্রদানের নিশ্চয়তা দিয়েছে কর্তৃপক্ষ। মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএফ