দুই দশকের দীর্ঘ প্রতীক্ষা শেষে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) পৈতৃক ভিটা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর এটিই তাঁর প্রথম বগুড়া সফর। এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জনপদে বইছে উৎসবের আমেজ। সফরকালে প্রধানমন্ত্রী বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গাবতলী উপজেলার বাগবাড়িতে পৈতৃক ভিটায় গিয়েছিলেন তারেক রহমান। ২০ বছর পর এবার তিনি ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবে। বগুড়ার বাগবাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ৬৬ বছর ধরে দেখাশোনা করছেন অশীতিপর বৃদ্ধ আবদুস সাত্তার। একই পরিবারের তিন সদস্যকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার সৌভাগ্য হওয়ায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত। স্থানীয়দের মধ্যেও প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
সফরের উল্লেখযোগ্য কর্মসূচি:
সিটি করপোরেশন ঘোষণা: ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে আনুষ্ঠানিকভাবে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। ডিজিটাল বিচার বিভাগ: বগুড়া আদালত প্রাঙ্গণ থেকে দেশের ১৫টি জেলায় একযোগে ‘ই-বেইলবন্ড’ (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের উদ্বোধন করবেন। উন্নয়ন ও জনসভা: বগুড়া প্রেসক্লাব উদ্বোধন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ পুনর্নির্মাণের কাজ শুরু করবেন। সফরের শেষ ভাগে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। সামাজিক নিরাপত্তা: বাগবাড়িতে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, এই সফরের মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত বগুড়া উন্নয়নের মূল স্রোতে যুক্ত হবে।
এসএফ