জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে হত্যাযজ্ঞ চালানোর দায়ে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ রাষ্ট্রপক্ষের পাঁচ নম্বর সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন কর্মকর্তা জবানবন্দি দেবেন। তবে নিরাপত্তার কারণে তাঁর নাম প্রকাশ করা হয়নি। সাক্ষ্যগ্রহণের শুরুতে চার নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া বিটিআরসি’র এক কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। বর্তমানে পলক কারাগারে থাকলেও সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন, যাঁর পক্ষে আইনি লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।
অভিযোগের মূল বিষয়বস্তু: ১. সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানি দেওয়া এবং পরবর্তী দিনগুলোতে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলার প্ররোচনা। ২. ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে সহায়তা ও প্ররোচনা প্রদান, যার ফলে রাসেল ও মোসলেহ উদ্দিনসহ ২৮ জন শহীদ হন। ৩. উত্তরায় ৩৪ জন নিহতের ঘটনায় সরাসরি সহায়তার অভিযোগ।
চলতি বছরের ২১ জানুয়ারি এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। এর আগে গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ আমলে নিয়েছিলেন।
এসএফ