আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কারাবন্দি হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। নির্বাচনে তাঁর প্রার্থিতা নিশ্চিত করতে ফরমে স্বাক্ষরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল (১২ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেওয়া হয়েছে। সুমনের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ এই আবেদনটি জমা দেন।
অ্যাডভোকেট লিটন আহমেদ এ বিষয়ে জানান, বার কাউন্সিল নির্বাচনে ব্যারিস্টার সুমন প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল নির্ধারিত রয়েছে। প্রার্থী হওয়ার জন্য আবেদন ফরমে সুমনের ব্যক্তিগত স্বাক্ষর আবশ্যক হওয়ায় জেলা প্রশাসকের কাছে এই আইনি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে মিরপুর-৬ এলাকা থেকে পুলিশ সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করে। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসএফ