ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ভারতীয় পাথরের ট্রাকে আসা ৫ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল জব্দ

 ভারতীয় পাথরের ট্রাকে আসা ৫ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় একটি ভারতীয় পাথরের ট্রাকে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৯৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং করা একটি ট্রাকে এই অভিযান চালানো হয়। স্থানটি সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।

রোববার (১৯ এপ্রিল) সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি দল পাথরবোঝাই ওই ট্রাকে তল্লাশি চালায়। এ সময় পাথরের স্তূপের নিচে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো ২০টি বস্তা পাওয়া যায়, যা থেকে ৫ হাজার ৯৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ট্রাকচালক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি আরও জানায়, এ ঘটনায় ভারতীয় ট্রাকটি আটক করা হয়েছে। সংশ্লিষ্ট পাথরের আমদানিকারক প্রতিষ্ঠান হলো প্রীতম এন্টারপ্রাইজ (স্বত্বাধিকারী মো. টুটুল) এবং সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করেছে আলম অ্যান্ড সন্স। জব্দকৃত মাদকসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত তিন মাসে সীমান্তে অভিযান চালিয়ে মোট ১০ হাজার ৫৩৫ বোতল ফেনসিডিল ও এর বিকল্প নেশাজাতীয় সিরাপ আটক করা হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএফ