ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নুর আলম মাসুদের (৪৫) মৃত্যু হয়েছে। চার দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি মারা যান। নিহত মাসুদ সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার বাসিন্দা এবং সততা অয়েল মিলসের মালিক ছিলেন।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে বিকল্প উপায়ে জ্বালানি তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রায় একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মাসুদ এবং তাঁর সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন।
স্বজন ও স্থানীয়দের ভাষ্যমতে, মাসুদ প্রায়ই ইউটিউব দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন এবং ওইদিনও একই প্রক্রিয়ায় অকটেন তৈরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সোনাগাজী মডেল থানা পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএফ