ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে পরিচয় দেওয়া সেই কর্মকর্তা বদলি

সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে পরিচয় দেওয়া সেই কর্মকর্তা বদলি

পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী শাজাহান খানের মেয়ে পরিচয় দেওয়া শরীয়তপুরের সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ আলম দিনাকে বদলি করা হয়েছে। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে তাঁকে মুন্সিগঞ্জের কারিগরি খাদ্য পরিদর্শক হিসেবে বদলির নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আংগারিয়া খাদ্য গুদাম থেকে একটি ট্রাকে করে সরকারি সিলমারা অন্তত ৪০০ বস্তা চাল কোটাপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল। ট্রাকটি শহরের পালং মডেল থানা সংলগ্ন সড়কে পৌঁছালে চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশে বের করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা অন্তত দুই দফায় ট্রাকসহ চালগুলো আটক করে। পরে সন্ধ্যার দিকে পুলিশ ট্রাকটি থানার গেটে দাঁড় করিয়ে রাখে।

রাত সাড়ে ১০টার দিকে চালগুলো পুনরায় সরিয়ে নেওয়ার চেষ্টা হলে আবারও চৌরঙ্গী এলাকায় জনতা তা আটকে দেয়। রাত ১২টার দিকে সদর উপজেলা খাদ্য গুদামের ওসি দিনা ট্রাকসহ চালগুলো গুদামে নেওয়ার চেষ্টা করেও স্থানীয়দের বাধার মুখে ফিরে যান। মধ্যরাতে চালগুলো ট্রাকে করে জেলা খাদ্য গুদামে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন—গোসাইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরিকুল ইসলাম, জাজিরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ উজ্জামান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক মুহাম্মদ বেলায়েত হোসেন।

জানা গেছে, শাহনেওয়াজ আলম দিনা নিজেকে সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন। প্রকৃতপক্ষে তাঁর বাবার নাম মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, যিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

শরীয়তপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সরকারি চাল কীভাবে বের হলো তা তদন্ত করে বের করা হবে এবং রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির জানান, প্রশাসনিক কারণে বদলির আদেশ পাওয়া গেছে এবং তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসএফ