ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

এবার বর্ণবাদের শিকার হামজা চৌধুরী, প্রতিবাদ করায় পেলেন শাস্তি!

 এবার বর্ণবাদের শিকার হামজা চৌধুরী, প্রতিবাদ করায় পেলেন শাস্তি!

ইউরোপের ফুটবলে প্রতিনিয়ত বর্ণবাদী আচরণ বেড়ে চলেছে। নিয়মিতভাবে বর্ণবাদী আক্রমণের শিকার হচ্ছেন ভিনিসিয়ুস-চোয়ামেনির মতো তারকা ফুটবলাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর নাম।

শনিবার (১৮ এপ্রিল) ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি। ইনজুরি কাটিয়ে এদিন লেস্টারের শুরুর একাদশে ফিরেছিলেন ২৮ বছর বয়সী হামজা। ম্যাচের ৭১ মিনিটে যখন ম্যানেজার গ্যারি রোয়েট তাঁকে তুলে নিয়ে জর্ডান জেমসকে নামানোর সিদ্ধান্ত নেন, তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। মাঠ থেকে উঠে যাওয়ার সময় পোর্টসমাউথের গ্যালারি থেকে হামজাকে লক্ষ্য করে বর্ণবাদী গালিগালাজ করা হয়। দুর্ভাগ্যজনকভাবে, এই অপমানের প্রতিবাদ করায় রেফারি উল্টো হামজাকেই হলুদ কার্ড দেখিয়েছেন।

হামজা যখন উত্তেজিত হয়ে রেফারিকে বর্ণবাদী আচরণের বিষয়টি বোঝাচ্ছিলেন, তখন রেফারি উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হামজাকে হলুদ কার্ড দেখান। এই সিদ্ধান্তে তিনি আরও ভেঙে পড়েন। ডাগআউটে ফেরার সময় তাঁকে এতটাই হতাশ দেখাচ্ছিল যে, তাঁকে শান্ত করতে আসা কোচিং স্টাফের এক সদস্যকেও তিনি সরিয়ে দেন। পরে বেঞ্চে বসে তাঁকে ক্ষোভ ও অভিমানে মুখ ঢেকে থাকতে দেখা যায়।

ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন হামজা এবং মাঠের পাশে থাকা দর্শকদের সাথে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। মাঠের বাইরের এই তিক্ততার সাথে মাঠের লড়াইয়েও লেস্টারের সময়টা ভালো যাচ্ছে না। পোর্টসমাউথের কাছে ১-০ ব্যবধানে হেরে যাওয়ায় এখন অবনমনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ক্লাবটি।

এসএফ