ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি

 জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। কম্পনটি এতটাই শক্তিশালী ছিল যে রাজধানী টোকিওতেও কয়েক মিনিট ধরে ভবনগুলো দুলতে থাকে।

জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমস ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, উপকূলীয় বাসিন্দাদের দ্রুত নদী ও সমুদ্র তীরবর্তী এলাকা ছেড়ে উঁচু স্থানে সরে যাওয়ার জন্য জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। টেলিভিশনের পর্দায় ইংরেজি ও জাপানি ভাষায় ‘Tsunami! Evacuate!’ (সুনামি! দ্রুত সরে যান) সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।

ইতোমধ্যেই ইওয়াতে প্রিফেকচারের মিয়াকো বন্দরে ৪০ সেন্টিমিটার উচ্চতার প্রাথমিক ঢেউ আঘাত হেনেছে। পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৫টা ৪০ মিনিটের মধ্যে হোক্কাইডোর টোকাচি ও এরিমো শহর এবং আওমোরির হাচিনোহে বন্দরে বড় ঢেউ আঘাত হানতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক জরুরি বার্তায় নাগরিকদের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, সরকার ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছে এবং দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি: পরিবহন: ভূমিকম্পের ফলে তোহোকু শিনকানসেন এবং আকিতা শিনকানসেন লাইনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উদ্ধার অভিযান: মেরিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্স সম্ভাব্য ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে হেলিকপ্টার মোতায়েন করেছে। সুনামি শনাক্ত: উপকূল থেকে ৬০ কিলোমিটার দূরে সমুদ্রে সুনামির অস্তিত্ব শনাক্ত করা হয়েছে, যা দ্রুতই স্থলের দিকে ধেয়ে আসছে। নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।