ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

নির্দিষ্ট ‘লাল রেখা’ না মানলে বৈঠকে বসবে না ইরান

নির্দিষ্ট ‘লাল রেখা’ না মানলে বৈঠকে বসবে না ইরান

যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে আবারও আলোচনায় বসতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। বিবিসি জানিয়েছে, আলোচনার উদ্দেশ্যে ইতোমধ্যে একটি মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে। অন্যদিকে, শেষ সময়ে বৈঠকে বসতে সম্মত হয়েছে ইরানও।

তবে এই আলোচনার ক্ষেত্রে ইরান নির্দিষ্ট কয়েকটি শর্ত বা ‘লাল রেখা’ (রেড লাইন) নির্ধারণ করে দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের এক জ্যেষ্ঠ আইনপ্রণেতার বরাতে জানিয়েছে, তেহরানের দাবি—এই সীমা বা শর্তগুলো যুক্তরাষ্ট্রকে সম্মানের সঙ্গে মেনে নিতে হবে। তবে শর্তগুলো ঠিক কী, তা এখনো প্রকাশ করা হয়নি।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এ বিষয়ে বলেন, তেহরানের আলোচনায় থাকার সিদ্ধান্তের অর্থ এই নয় যে তারা ‘যেকোনো মূল্যে’ আলোচনা করবে বা অপর পক্ষের যেকোনো পদ্ধতি মেনে নেবে। ইরান তার নিজস্ব কিছু লাল রেখা নির্ধারণ করেছে এবং সেগুলো অবশ্যই মানতে হবে।

ইসলামাবাদে ইরান কোনো প্রতিনিধিদল পাঠাবে কি না—এমন প্রশ্নের জবাবে আজিজি ইঙ্গিত দেন, এটি নির্ভর করবে ইতিবাচক সংকেত পাওয়ার ওপর। তিনি আরও বলেন, ‘আমরা কখনোই আলোচনার নীতিকে ভয় পাইনি। হয়তো আজ বা আগামীকাল, আরও মূল্যায়নের পর আমরা এ সম্ভাবনা বিবেচনা করতে পারি। তবে শর্ত হলো, মার্কিন আলোচনাকারী দল এবং তারা ইরান থেকে যে বার্তা পেয়েছে, তা যেন ইতিবাচক হয়।’

বিবিসি জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরানের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর আনুষ্ঠানিক খবর এখনো পাওয়া যায়নি।

এদিকে মার্কিন প্রতিনিধিদলের আগমনকে কেন্দ্র করে পাকিস্তান সরকার ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করে লকডাউন জারি করেছে। আনাদলু এজেন্সি জানিয়েছে, গত ১১ ও ১২ এপ্রিল প্রথম দফার বৈঠক যে পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল, সেই হোটেলের সব সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় দফার এই উচ্চপর্যায়ের বৈঠকটিও একই স্থানে অনুষ্ঠিত হবে।

এসএফ