মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসা করে তেহরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে। বুধবার (২২ এপ্রিল) ঢাকাস্থ ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান কাজ করছে। এছাড়া আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে তুরস্কের আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর মধ্যকার বৈঠককে স্বাগত জানিয়ে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি ইরান প্রতিশ্রুতিবদ্ধ এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণে বাংলাদেশের সমবেদনা প্রকাশ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য ইরান কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
একই সঙ্গে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ‘সিলেক্টিভ’ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দূতাবাস দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছে। বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে এমন কার্যক্রম পরিহার করে পারস্পরিক সম্মান বজায় রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।
এসএফ