ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহন মালিকদের কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে স্পষ্টভাবে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সব রুটের পরিবহন মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে সমিতি।
বিবৃতিতে বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিবহন খাতের বর্তমান সংকটের চিত্রও তুলে ধরা হয়েছে। মালিক সমিতি উল্লেখ করেছে যে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির কারণে গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ এখন আকাশচুম্বী।
এই শোচনীয় পরিস্থিতিতে পরিবহন খাতকে লোকসানের হাত থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও জোর দাবি জানিয়েছে সংগঠনটি। মূলত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার ওপরই জোর দিয়েছে তারা।
এসএফ