ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২ | ২০ শাওয়াল ১৪৪৭

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকার একটি গ্যাসলাইট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলীর শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। গ্যাসলাইটার কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, তবে আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আরও চারটি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিস আরও জানায়, দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। তাদের মূল লক্ষ্য এখন আগুন যাতে পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তে না পারে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।