ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (০৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে হাসপাতালের জরুরি বিভাগে নতুন রোগী ভর্তি ও চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্র জানায়, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের এক শিক্ষার্থী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে ব্যবস্থাপত্র দিয়ে প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনে আনতে বলেন। এর কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ও তাঁর সহপাঠীরা ফিরে এসে ‘বাইরে ওষুধ পাওয়া যাচ্ছে না’ এবং ‘কেন এমন ওষুধ লেখা হলো’ এমন অভিযোগ তুলে চিকিৎসকদের সঙ্গে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, যার ফলে তাঁরা জরুরি বিভাগের কার্যক্রম স্থগিত রাখেন। বর্তমানে হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জরুরি সেবা বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কর্তৃপক্ষ পরিস্থিতি শান্ত করে পুনরায় চিকিৎসাসেবা চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসএফ