ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ৯ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

নাটোরে ৭ বছরের শিশুর নামে মারপিট ও ভাঙচুরের মামলা, আদালতে জামিন

নাটোরে ৭ বছরের শিশুর নামে মারপিট ও ভাঙচুরের মামলা, আদালতে জামিন

নাটোরের গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে আসামি করে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম শিশুটির জামিন মঞ্জুর করেন।

নাটোর জজ কোর্টের আইনজীবী শামীম হোসেন জানান, গত ১০ এপ্রিল গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের শাহানুর রহমান প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারপিট ও ভাংচুরের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় একাধিক ব্যক্তির সঙ্গে ৩ নং আসামী হিসাবে একই এলাকার শাজাহান আলীর ৭ বছর বয়সী দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু হুসেন আলীর নামও যুক্ত করা হয়। মামলার এজাহারে শিশুটির বয়স ২১ বছর উল্লেখ করা হয়। কিন্তু শিশুটির জন্মসনদে দেখা যায়, তার জন্ম ২৪ সেপ্টেম্বর ২০১৮ সালে। সে অনুযায়ী বর্তমানে তার বয়স সাত বছর।

মামলায় শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন বয়সের একটি শিশুকে কীভাবে হামলা বা সংঘর্ষের মামলায় আসামি করা হলো। ঘটনাটি বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।

—এজেড