ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ৭ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে লাশের গাড়ি নিয়ে সড়ক অবরোধ-আল্টিমেটাম

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে লাশের গাড়ি নিয়ে সড়ক অবরোধ-আল্টিমেটাম

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে কাউসার উজজামান বাবলু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে রাউজান পৌরসভার পূর্ব আইলি খীল খামার টিলা নামক স্থানে এই ঘটনাটি ঘটে। নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল নঈম সওদাগর বাড়ির আবুল কালাম সওদাগরের পুত্র।

স্থানীয় সূত্র মতে, খামার টিলা এলাকায় নিহতের মামাতো ভাই পলিন ও বাবলুরা মিলে টিলা কেটে মাটি বিক্রি করে আসছিল। মাটি কাটার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। অপর দিকে নিহতের বাবা আবুল কালাম সওদাগর বলেন, আমার ছেলে তার নানার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। ফেরার পথে তার পথরুদ্ধ করে তাকে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে, ময়নাতদন্ত শেষে লাশবাহী গাড়ি গ্রামের বাড়ি যাওয়ার বেলা ৩টার দিকে বিক্ষুব্ধ জনতা লাশবাহী গাড়ি এবং খাটিয়া চট্টগ্রাম-রাঙামাটি সড়কে দাঁড় করিয়ে সড়ক অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা ও রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করে। এ সময় দেড় ঘণ্টা রাঙামাটি ও চট্টগ্রাম অভিমুখী যানবাহন সড়কে আটকা পড়েন। এ সময় নিহত বাবলুর হত্যাকারীদের গ্রেফতারপূর্বক উপযুক্ত শাস্তির দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ জনতা। এ সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ জনতা। পরে প্রশাসনের আশ্বাস পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে বিক্ষুব্ধ জনতা সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

রাউজান থানা সূত্র জানায়, দুর্বৃত্তের গুলিতে নিহত কাউসার উজজামান বাবলু ২০২৫ সালে রাউজান থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার আসামি।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর পরই পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যেই অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

—এজেড