ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

সংরক্ষিত আসন

বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে নিজ দলের নারী নেত্রীদের তোপের মুখে পড়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী কনকচাঁপা। শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সুরাইয়া জেরিন রনি সরাসরি কনকচাঁপার রাজনৈতিক সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কনকচাঁপা বিএনপির কে? যারা গত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন করেছে, জেল-জুলুম সহ্য করেছে, তাদের সরিয়ে সুবিধাবাদীদের কেন জায়গা দেওয়া হচ্ছে? জেরিন রনি আরো দাবি করেন, তিনি নিজে ১৭ বার জেল খেটেছেন এবং মহিলাদের মধ্যে সর্বোচ্চ মামলার শিকার হয়েছেন, অথচ সেই সময়ে কনকচাঁপাকে লড়াই-সংগ্রামে দেখা যায়নি।

এদিন কনকচাঁপা ছাড়াও কণ্ঠশিল্পী বেবী নাজনীনসহ সাংস্কৃতিক অঙ্গনের আরো বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী নয়াপল্টনে ভিড় করেন। অনেক প্রতিকূলতার মাঝেও কনকচাঁপা শেষ পর্যন্ত তার মনোনয়ন ফরমটি সংগ্রহ করতে সক্ষম হন।

বিএনপি এবার সংরক্ষিত আসনের মনোনয়নে বিগত দিনের আন্দোলনে ত্যাগী ও যোগ্য নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কনকচাঁপা সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হওয়া বিএনপির এই মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমকে কেন্দ্র করে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ত্যাগী বনাম নবাগত প্রার্থীদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে।

এসএফ