ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩ | ১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ছেলেকে কুপিয়ে ৩ তলা থেকে ঝাঁপ দিলেন সাবেক পুলিশ সদস্য

 ছেলেকে কুপিয়ে ৩ তলা থেকে ঝাঁপ দিলেন সাবেক পুলিশ সদস্য

লক্ষ্মীপুর পৌর শহরে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের হাতে তাঁর নিজের ছেলেসহ তিনজন গুরুতর জখম হয়েছেন। হামলার পর অভিযুক্ত ওই পুলিশ সদস্য তিনতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৩ এপ্রিল) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাবেক পুলিশ সদস্যের নাম নাছির আহমদ (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাছির আহমদ হঠাৎ তাঁর ঘুমন্ত ছেলে কলেজছাত্র ইমরানকে (২১) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি তাঁদের ওপরও হামলা চালান। এতে মিজানুর রহমান ও আব্দুল মান্নান নামে আরও দুই ব্যক্তি গুরুতর আহত হন। এরপর নাছির আহমদ ভবনের ছাদে উঠে নিচে ঝাঁপ দেন। পুলিশ তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহিত নাছির আহমদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন এবং প্রায় এক বছর আগে অবসরে যান। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে নাছির আহমদ মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুরো বিষয়টি আরও খতিয়ে দেখছে পুলিশ।

এসএফ