ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি। বছরে একবার শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে। আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের মেয়াদে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক স্কুলে বিনামূল্যে ইউনিফর্ম দিতে সক্ষম হবো।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত চক্রবর্তী। উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্‌।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে এরইমধ্যে মিডডে মিল চালু করা হয়েছে। আশা করছি আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিলের ব্যবস্থা করতে পারবো। শিক্ষাখাতের উন্নয়নে থ্রি সি: কারিকুলাম, ক্লাসরুম, কনসিসটেন্সি ঠিক করতে হবে। ক্লাসরুমের অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন করতে হবে। আমাদের প্রাইমারি শিক্ষার কারিকুলামে অনেক ঘাটতি রয়েছে। আমি এরইমধ্যে স্কুলে স্কুলে সরেজমিনে পরিদর্শন শুরু করেছি। কয়েকটি স্কুলে গিয়ে বিশেষ করে ফোর-ফাইভের শিক্ষার্থীদের বই থেকে পড়তে বলার পর দেখেছি পড়াটা তাদের জন্য বেশ মুশকিল হয়। আসলে আমাদের দেখতে হবে তারা আসলে কী পড়ছে। পড়াগুলো, ভাষাগুলো তাদের জন্য উপযোগী কিনা। সাবলীলভাবে তারা পড়তে পাড়বে কিনা। আমার কাছে মনে হয়েছে তাদের জন্য পড়াগুলো বেশ কঠিন। কারিকুলাম পর্যালোচনা করে আপডেট করতে হবে।

যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের বিষয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাইমারি ও প্রি-প্রাইমারিতে প্লে-বেইজড (খেলাধুলাভিত্তিক) ও স্টোরিটেলিং-বেইজড (গল্পভিত্তিক) শিক্ষা চাই। শিক্ষার্থীরা যেন পড়ার আগ্রহ পায় এমন কারিকুলাম তৈরি করতে হবে। তবে প্লে-বেজড (খেলাধুলাভিত্তিক) ও স্টোরি টেলিং-বেজড (গল্পভিত্তিক) শিক্ষা কারিকুলাম আমরা আজকে তৈরি করে কালকেই চাপিয়ে দেব না। আমরা কারিকুলাম আপডেটের ঘোষণা দেব, পাইলটিং করবো, প্রশিক্ষণ দেবো তারপর কারিকুলাম আপডেট করবো। শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে আমরা গুরুত্বারোপ করছি। প্রতিটি স্কুলে ৬-৭টি খেলা অন্তর্ভুক্ত করার বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছি। এছাড়া নাচ, গান ও অভিনয় শেখার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা কাজ করছি।

—এজেড