ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী জানান, রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার সুনির্দিষ্ট উদ্যোগ নিয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটি কোনো হত্যা মামলা প্রত্যাহার না করার নীতিগত সিদ্ধান্ত নিলেও বর্তমান সরকার নতুনভাবে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে।

মামলা প্রত্যাহারের বর্তমান কাঠামো সম্পর্কে মন্ত্রী জানান,গত ৫ মার্চ জেলা প্রশাসকের সমন্বয়ে জেলা পর্যায়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটিগুলোর সুপারিশ যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে।

আইনমন্ত্রী আরো স্পষ্ট করেন যে, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা এমনকি হত্যা মামলা হলেও তা প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা যাবে। জেলা ও কেন্দ্রীয় কমিটি সেগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে এবং কোনো মামলা হয়রানিমূলক প্রমাণিত হলে তা প্রত্যাহারের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। সরকার এসব মামলার ভুক্তভোগীদের প্রতিকার দিতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

এসএফ