ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

টেবিল চাপড়ানোয় লুজ কানেকশন থেকে সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট

 টেবিল চাপড়ানোয় লুজ কানেকশন থেকে সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের প্রধান কারণ হিসেবে তারের সংযোগ সমস্যা বা 'লুজ কানেকশন'কে দায়ী করেছে সিস্টেমটির কমিশনিং করা প্রতিষ্ঠান কমিউনিকেশনস টেকনোলজি লিমিটেড। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিষ্ঠানের সিইও জাহিদুর রহিম জোয়ারদার এ তথ্য জানান।

জাহিদুর রহিম বলেন, সিস্টেমটি আগে পরীক্ষা করার সময় ঠিক থাকলেও অধিবেশন চলাকালে টেবিল চাপড়ানোর ফলে কানেক্টর লুজ হয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি জানান, কানেক্টরগুলোর ক্লিপ ভাঙা বা ঢিলেঢালা থাকায় টেবিল চাপড়ানোর কম্পনে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে নেটওয়ার্কের তার পরিবর্তন করার পর সমস্যার সমাধান হয়েছে এবং বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।

জিজ্ঞাসাবাদে তিনি আরো জানান, ১৯৯৪ সাল থেকে তার কোম্পানি সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত সিস্টেমের সংস্কারে ৪ কোটি টাকার টেন্ডার হলেও সর্বনিম্ন দরদাতা হিসেবে মূল কাজ পায় আমানত এন্টারপ্রাইজ। তবে ওই প্রতিষ্ঠানের অভিজ্ঞতার অভাব থাকায় শেষ পর্যায়ে শুধু সফটওয়্যার ইনস্টলেশন বা কমিশনিং-এর কাজটুকু করেছে তার প্রতিষ্ঠান।

এসএফ