বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল ও তাদের অধিনায়ক লিওনেল মেসি। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে চুক্তিবদ্ধ থেকেও মাঠে না নামায় মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে ফ্লোরিডাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘ভিআইডি’।
মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড-এর প্রতিবেদন অনুযায়ী, মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, চুক্তি অনুযায়ী ওই ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল। কিন্তু ‘এলএমটেন’ পুরো ম্যাচ গ্যালারিতে বসেই কাটিয়ে দেন। আয়োজক প্রতিষ্ঠানের দাবি, মেসির অনুপস্থিতির কারণে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করতে হয় এবং টিকিটের চাহিদা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তাদের প্রায় ১ মিলিয়ন ডলার আর্থিক লোকসান হয়েছে।
এই ঘটনায় সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে মেসির ফিটনেস নিয়ে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের দিন ইনজুরির কারণ দেখিয়ে তিনি মাঠে না নামলেও, এর ঠিক পরের দিনই ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে অংশ নেন তিনি।
মাঠের বাইরে এই আইনি লড়াই চললেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির পারফরম্যান্স অবশ্য উজ্জ্বল। ৯৬ ম্যাচে ৮৩ গোল করে তিনি দলকে সাফল্যের চূড়ায় নিয়ে যাচ্ছেন। তবে আদালতের এই মামলা আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো ধরনের মানসিক চাপ তৈরি করে কি না, সেটিই এখন দেখার বিষয়।
এসএফ