ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

বিসিএস সিলেবাসে আমূল পরিবর্তন ও পরীক্ষা সংস্কারের পরিকল্পনা

 বিসিএস সিলেবাসে আমূল পরিবর্তন ও পরীক্ষা সংস্কারের পরিকল্পনা

বিসিএস পরীক্ষার প্রচলিত মুখস্থনির্ভর সিলেবাস বদলে দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বিসিএস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন-সংযোজনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে তাদের সুপারিশ প্রদান করবে। এ ছাড়া মৌখিক পরীক্ষাতেও পরিবর্তন এনে দ্রুতই ‘যোগ্যতাভিত্তিক সাক্ষাৎকার পদ্ধতি’ চালু করা হবে, যেখানে প্রার্থীর জ্ঞান ও দক্ষতার পাশাপাশি দৃষ্টিভঙ্গি বা মনোভাবও মূল্যায়ন করা হবে।

নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তির সময় সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়েছিল এবং সেই লক্ষ্য অনুযায়ী প্রিলিমিনারির ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা শুরু করা হয়েছে। মূলত নিয়োগ প্রক্রিয়াকে আরও আধুনিক ও গতিশীল করাই বর্তমান কমিশনের লক্ষ্য।

এসএফ