ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস নিয়োগে দুর্নীতির তদন্ত চলছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস নিয়োগে দুর্নীতির তদন্ত চলছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন এবং সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শামছুর রহমান শিমুল বিশ্বাস তাঁর প্রশ্নে আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের প্রশাসনে দলীয়করণের উদাহরণ টেনে জানতে চান, কতজন বিসিএস ক্যাডারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কতজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং কতজনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের মোট ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রতিমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়ার ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এসএফ