জনগণের দাবির প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, সরকার তা নিশ্চিত করবে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণের কাছ থেকে ডিমান্ড (চাহিদা) এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মূলত জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।’
গুম হওয়া নেতাদের বিষয়ে তিনি বলেন, গুমের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এখনো দেশ থেকে পালাতে পারেনি। তারা দেশেই আছে। কিন্তু তাদের কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি। রিজভী মনে করেন, অপরাধীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস মিলবে।
গুম সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে তিনি মন্তব্য করেন যে, অন্তর্বর্তী সরকারের আগের অধ্যাদেশের মধ্যে কিছু সীমাবদ্ধতা বা ‘ফাঁকফোকর’ ছিল। সেগুলো সংশোধন করে আরও শক্তিশালী ও কার্যকর আইন করা হবে, যাতে ভবিষ্যতে কেউ গুমের মতো নিষ্ঠুর পথ অবলম্বন করতে না পারে। তিনি আশ্বস্ত করেন যে, সরকার যে নতুন আইন করবে তা হবে মানবতার পক্ষে।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন এবং নিখোঁজ ইলিয়াস আলীর দ্রুত ফিরে আসার কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসএফ