ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ৩ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

এসএসসি ও সমমানের পরীক্ষা

প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী, পরিদর্শকসহ ৬ বহিষ্কার

প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী, পরিদর্শকসহ ৬ বহিষ্কার

দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষাতেও ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে পরীক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক কড়াকড়ি এবং সিসিটিভি নজরদারির মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে সারাদেশে (১১টি শিক্ষাবোর্ডে) নকল ও অসদুপায় অবলম্বন করায় ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ২ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৪ জন শিক্ষার্থী রয়েছে। একই সঙ্গে যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় কারিগরি শিক্ষা বোর্ডের ১ জন পরিদর্শককেও (শিক্ষক) বহিষ্কার করা হয়েছে।

—এজেড