ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ৫ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা

লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের লাশ চুরির ভয়ে তার কবর পাহারা দিচ্ছে শোকাতুর পরিবার। উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে প্রতি রাতে স্বজনরা পালাক্রমে এই পাহারার ব্যবস্থা করেছেন।

গত মঙ্গলবার রাতে সরেজমিনে দেখা যায়, আরাফাতের বাবা জসিম খান কবরের পাশে বসে আছেন। তিনি জানান, ছেলের লাশ চুরির আশঙ্কায় তারা এই চরম উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। প্রচলিত এক ধরনের কুসংস্কার বা অন্ধবিশ্বাস থেকে বজ্রপাতে মৃত ব্যক্তিদের কঙ্কাল বা লাশ চুরির ঘটনা বিভিন্ন এলাকায় ঘটে থাকে এমন শঙ্কা থেকেই তারা রাত জেগে কবরের নিরাপত্তা দিচ্ছেন।

জসিম খান আক্ষেপ করে বলেন, তিনি নিজে অসুস্থ এবং অভাবী হওয়া সত্ত্বেও ঋণ করে লোক ভাড়া করে কবর পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন। সন্তানের শেষ স্মৃতিটুকু রক্ষা করতে গিয়ে পরিবারটি এখন বড় ধরনের মানসিক ও আর্থিক চাপের মুখে পড়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলে কিছুটা স্বস্তি পেতেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আরাফাত খান এবং রিজান ঢালী নামের এক কিশোরের মৃত্যু হয়েছিল। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটিকে অত্যন্ত অমানবিক ও দুঃখজনক হিসেবে দেখছেন এবং কবরস্থানের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

এসএফ